দেশে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য আবারও বাড়ানো হয়েছে। এখন থেকে ১০ শলাকার একটি প্যাকেট কমদামি সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। এত দিন এই স্তরের সিগারেটের দাম ছিল ৬২ টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু নিম্নস্তরের সিগারেটের দাম পরিবর্তন করা হয়েছে। অন্যান্য স্তরের দাম আগের মতোই থাকছে। এর মধ্যে মধ্যম স্তরের ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তার বেশি নির্ধারিত রয়েছে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়।
সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ধারাবাহিকতায় এবার এ স্তরের দাম আরও ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হলো।
চলতি অর্থবছরের বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।