গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনা র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
খুলনা র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার করা ১৪ কেজি গাঁজা ও নোহা মাইক্রোবাসসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।