1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জের বাংলাবাজারে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর কৃতি সন্তানের নতুন অর্জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন নোয়াখালীর কামরুজ্জামান চৌধুরী আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক সারাদেশে বিশেষ অভিযানে নামছে র‌্যাব নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে ১১ দফা দাবি চাটখিলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পৌঁছাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ ছয় বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার মান্দানা

নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে ১১ দফা দাবি

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে




নোয়াখালীর রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১১ দফা দাবি তুলে ধরে রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিরা। দাবিগুলোর মধ্যে রয়েছে ঢাকা–নোয়াখালী রুটের আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন ও সেবার মানোন্নয়ন, ট্রেনে চুরি-ছিনতাই বন্ধে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, চৌমুহনী রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও রি-মডেলিং এবং নতুন রেলপথ সম্প্রসারণ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীবাসীর পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হৃদয় হোসেন এবং নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একসময় নোয়াখালীতে লোকাল ট্রেন ছিল সাধারণ মানুষের জনপ্রিয় ও সহজ যাতায়াতের অন্যতম মাধ্যম। রাতে ঢাকা–নোয়াখালী রুটে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেস নামে লোকাল ট্রেন চলাচল করত। নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা ব্যবসা ও দৈনন্দিন প্রয়োজনে এসব ট্রেন ব্যবহার করতেন। তবে ট্রেন দুটি বন্ধ হয়ে যাওয়ার পর সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে স্মারকলিপিতে সুবর্ণচর এক্সপ্রেস চালু, উপকূল এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন ও সেবার মান উন্নয়ন, লাকসাম–নোয়াখালী রেলপথ আধুনিকায়ন, চৌমুহনী–লক্ষ্মীপুর রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন এবং চৌমুহনী–লক্ষ্মীপুর রেলপথ ডাবল লাইনে উন্নীত করার দাবি জানানো হয়।

এছাড়া সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, নোয়াখালী–ফেনী–চট্টগ্রাম রেল যোগাযোগ আরও শক্তিশালী করা, নোয়াখালী রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর আধুনিকায়ন, রেলওয়ের জমি ও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার এবং নোয়াখালী–লক্ষ্মীপুর–ফেনী আঞ্চলিক রেল নেটওয়ার্কের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবিও তোলা হয়।

একই সঙ্গে নোয়াখালীকে রেলওয়ের বিশেষ উন্নয়ন অগ্রাধিকার অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, নোয়াখালীর ট্রেনসংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে মন্ত্রণালয় অবগত রয়েছে। বর্তমানে ইঞ্জিন সংকটের কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে পারলে দ্রুত নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, নোয়াখালীর মতো একটি জেলায় পর্যাপ্ত ট্রেনসেবা নিশ্চিত করতে না পারা দুঃখজনক। উপকূল এক্সপ্রেসের বর্তমান সময়সূচিও যাত্রীবান্ধব নয়। সময়সূচি পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে এবং নোয়াখালীবাসীর জন্য সবচেয়ে সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা চলছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, উপকূল এক্সপ্রেস প্রায়ই নির্ধারিত সময়ের তুলনায় তিন থেকে চার ঘণ্টা বিলম্বে চলাচল করে। ট্রেনে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে। এসব সমস্যা নিরসনে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, চৌমুহনী রেলওয়ে স্টেশনের রি-মডেলিং, আধুনিকায়নসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এসব প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে।

নোয়াখালীর রেল যোগাযোগের বিভিন্ন সমস্যা সম্পর্কে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তার এনডিসি (প্রশাসন-১ অধিশাখা)-কে অবহিত করা হয়। তিনি বলেন, নোয়াখালীর রেল সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নামজুল ইসলামকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের রেল যোগাযোগসংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে। একই সঙ্গে যাত্রীসেবার মান বাড়ানো এবং নোয়াখালীর আঞ্চলিক রেল নেটওয়ার্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট