বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হিসেবে তালিকায় রয়েছে ঢাকা। এ মাত্রার বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ১৯৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এরপর ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা।
তালিকায় ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটি ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেদান ১৫৬ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশে বায়ুর মানের একিউআই নির্ধারণে দূষণের পাঁচটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।