
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
রবিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নটি টেবিলে উত্থাপিত করা হয়।
চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য মো. রুহুল আমিন প্রশ্ন রেখে বলেন, বর্তমানে দেশে সারের চাহিদার পরিমাণ কত; চাহিদা অনুযায়ী ঘাটতি আছে কি না; থাকলে তা কী এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ করার পদক্ষেপ গ্রহণ করা হবে কি না?
জবাবে কৃষিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী সার সরবরাহ-ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং অব্যাহত রয়েছে।
আমিন উর রশিদ বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম পরিলক্ষিত হলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম/অঞ্চল হতে সার সরবরাহের মাধ্যমে ঘাটতি সমন্বয় করা হয়।