1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে




পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। প্রতীকবিহীন নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয়ের পরিবর্তে নিজেদের জনপ্রিয়তা, সততা, যোগ্যতা ও জনগণের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।

শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সালথা ও নগরকান্দা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। কোনো পক্ষ যাতে সংঘাত সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। কোনো ঘটনা বা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শও দেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় নগরকান্দা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন সামাজিক অপরাধ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয়ে প্রশাসন, পুলিশ ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট