
রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রীকে নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে তিনি এই তেলের ঘানি পরিদর্শন করেন। এর আগে সকালে একটি ডেইরি ফার্মেও যান ক্রিস্টেনসেন।
ডেইরি ফার্মে উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরু পালনের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। গরুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন ক্রিস্টেনসেন।
এরপর চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন তিনি। ঘানিতে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান। পরে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন মার্কিন রাষ্ট্রদূত।