1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

৫০-৬০ ডলারে স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে ডেটা-নির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার।

স্থানীয়ভাবে উৎপাদিত এসব স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আজ বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রেহান আসিফ বলেন, বাজেট ঘোষণার আগে স্থানীয় মোবাইল ফোন নির্মাতা, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকার আলোচনা করেছে। মোবাইল ফোন উৎপাদনের কাঁচামালে আগে ২৬ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত কর, ভ্যাট ও শুল্ক ছিল। এর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে তা শূন্য করা হয়েছে এবং কোথাও ২ থেকে ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে।

তিনি বলেন, কম দামে মানুষের হাতে ভালো মানের ডিভাইস পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় নির্মাতাদের সঙ্গে আলোচনার পর প্রায় ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে অ্যান্ড্রয়েডভিত্তিক ডেটা স্মার্টফোন তৈরি করা সম্ভব হতে পারে বলে তারা জানিয়েছে। এ ধরনের ফোন উৎপাদনের প্রক্রিয়া দ্রুত শুরু করার আগ্রহও প্রকাশ করেছেন নির্মাতারা।

কম দামে স্মার্টফোন মানুষের কাছে পৌঁছে দিতে কিস্তি সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মোবাইল ফোনকে কেন্দ্রীয় ব্যাংকের ইএমআই কর্মসূচির আওতায় আনা এবং বেসরকারি ব্যাংকগুলোকে কিস্তি সুবিধা দেওয়ার জন্য উৎসাহিত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

রেহান আসিফ বলেন, দেশে এখনো প্রায় ৫০ শতাংশ মোবাইল ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করেন। মোট মোবাইল গ্রাহক প্রায় ১৪ কোটি হলে এর মধ্যে প্রায় ৭ কোটি মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছেন।

বর্তমান সময়ে এ পরিস্থিতির পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, উন্নত ডেটা নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ও ডেটা ব্যবহারের আওতায় আনতে হবে।

রবি বাংলাদেশের সেরা ডেটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে উল্লেখ করে রেহান আসিফ বলেন, ফিচার ফোন ব্যবহারকারী ৫০ শতাংশ মানুষকে উন্নত নেটওয়ার্কের আওতায় ডেটা মোবাইল ফোনে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা করা হবে

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট