ছবি ভিডিও ভিডিও
অর্থনীতি

রমজানের আগে খেজুর, আপেল ও কমলার শুল্ক কমাল এনবিআর

প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১:২৬ অপরাহ্ণ

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে একই হারে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায় এনবিআর।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। আগে এ হার ছিল ২৫ শতাংশ। শুল্ক কমানোর ফলে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

এ ছাড়া আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। এতে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফল আমদানি সহজ হবে এবং বাজারে সরবরাহ বাড়বে। এর ইতিবাচক প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ের দামে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। পরবর্তী সময়ে আমদানি কমতে কমতে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে। আলোচিত সময়ের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।

অন্যদিকে, কমলার আমদানিও গত কয়েক অর্থবছরে ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছে এনবিআর।