
সরকারের গঠন করা মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পরও গাজীপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করেন। এসময় পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক চালু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়া মাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এসময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ-টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।



