
জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যশস্য সংরক্ষণ নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তাই সরকারের অগ্রাধিকারমূলক এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যশস্য সংরক্ষণ ও গুদাম ব্যবস্থাপনা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলার সব খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করে মনিটরিং করা হবে। কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে। পাশাপাশি খাদ্য সরবরাহ ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
দেশে সার সংকট রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো সার সংকট নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে।
তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।
মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুত দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।
ধানকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুল সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ, গোলাম আবেদীন কাওসার ও অ্যাডভোকেট আওয়াল খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মুন্নু ক্যাফেটেরিয়া হলরুমে ‘ব্যুরো অব সোশ্যাল ওয়াচ’ আয়োজিত পরিবেশবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী।
সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম সত্তারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন মহাসচিব গোলাম মেজবাহ উদ্দিন (রুমি), মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এম এ করিম, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. কামরুল আহসান ও আতাউর রহমান, সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফরহাদ খান এবং বাংলাদেশ টেলিভিশনের প্ল্যানার ও প্রোগ্রামার এবং সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আনোয়ার হোসেন মো. সেন্টুসহ অনেকে।
অনুষ্ঠানে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিতে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়সারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।