
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে পুলিশের ভেতরেও বাড়ানো হয়েছে নজরদারি। এরই মধ্যে বিভিন্ন মামলায় একজন পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে।
এদিকে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪), শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক উপকমিশনার মোহাম্মদ ইলিয়াস হোসেন, আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমানসহ তাঁর দুই ভাই গ্রেফতার হয়েছেন।
এ ছাড়া রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধে ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৯, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৬৬, মিরপুরে ১৩৯, গুলশানে ৪৪ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, গণঅভ্যুত্থানের আগে দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সাম্প্রতিক গ্রেফতারের ক্ষেত্রে এসব অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি দীর্ঘদিন পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে পুলিশের অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে বলে জানা গেছে।



