ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

চাটখিলে শ্বশুরবাড়ির পাশের পরিত্যক্ত ঘরে শ্রমিক দল নেতার ম; র’ দে; হ উদ্ধার

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১:০৯ অপরাহ্ণ

নিখোঁজের ছয় দিন পর পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার গলিত মরদেহ

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক শ্রমিক দল নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সানখালি গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ির একটি পরিত্যক্ত ভাঙা ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগমের ফোন পেয়ে শ্বশুরবাড়িতে যান রাসেল। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, ওসি (তদন্ত), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। দুর্গন্ধের সূত্র ধরে খোঁজাখুঁজি শুরু করলে শ্বশুরবাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে পুরোনো লেপ দিয়ে ঢাকা অবস্থায় রাসেলের গলিত মরদেহ পাওয়া যায়।

নিহত রাসেল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের শিংবাহুড়া জমাদার বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর নোয়াখোলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তাঁর সাত বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, প্রায় এক বছর আগে রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের পারিবারিক কলহ শুরু হয়। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাসেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

 

error: Content is protected !!