
তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল অধিবেশনে যোগ দিয়েছেন। সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আজ বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা নেতাদের মধ্যে ছিলেন ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।
এদিকে সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি। এ বিষয়ে আলোচনা হয়েছে এবং উদ্যোগটির সম্ভাবনা যাচাই করে দেখতে চায় বাংলাদেশ। সংকটের গ্রহণযোগ্য সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতাও কামনা করেন তিনি।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে পাটসহ পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের প্রচারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, গতকালের বৈঠকে এ উদ্যোগ তুলে ধরা হলে সংশ্লিষ্টরা প্রশংসা করেন।



