
আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরেজমিনে দেখতে লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এ উদ্যোগের মাধ্যমে পুরো জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে লালমনিরহাটকে সারা দেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
তিনি জানান, জেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত এ আন্দোলনের কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীরা যুক্ত রয়েছেন।
মন্ত্রী বলেন, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এ সামাজিক আন্দোলনের উদ্বোধন করেন। চার মাসের মাথায় প্রধানমন্ত্রী সরাসরি লালমনিরহাটে এসে এর বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী এ কর্মসূচি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরির নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার সংসদ সদস্যদের কাছে তা তুলে ধরে সারা দেশে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সাফল্য তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, এ আন্দোলনের কারণে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বর্তমানে চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে এ অঞ্চলে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে।
সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু বড় ভবন কিংবা বিদ্যালয় নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় না। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে মাদক সেবনের মতো কর্মকাণ্ড চললে প্রকৃত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি স্বেচ্ছাসেবকদের নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনের মাধ্যমে সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ অনেকে।



