
হিমালয়ঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোরের কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রকৃতিতে স্পষ্ট হচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের স্নিগ্ধতা ছাপিয়ে রাত ও ভোরে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা।
এরই মধ্যে রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, ভোর ও রাতে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর পর থেকেই বাড়তে শুরু করছে শীতের আমেজ। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা ও রাতে পরিবেশ হয়ে উঠছে বেশ শীতল।
আবহাওয়ার এই পরিবর্তনে সকালে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জনপদের বিভিন্ন এলাকা। চা-বাগান, খোলা মাঠ ও গ্রামীণ জনপদে হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন এই তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, শীতের শুরু হয়েছে মাত্র। সামনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে আগামী দিনগুলোতে তেঁতুলিয়ায় শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।



