ছবি ভিডিও ভিডিও
অর্থনীতি

২০ লাখ টাকা অর্থায়নের ‘উদ্যোগ’ কর্মসূচি, উদ্যোক্তা বাছাই করছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ণ

তরুণ উদ্যোক্তা তৈরি এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জে উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। তিন দিনব্যাপী এ প্রক্রিয়ায় আবেদনকারী তরুণদের সাক্ষাৎকার ও বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য চূড়ান্ত উদ্যোক্তা নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ মূল্যায়ন কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

মূল্যায়নকারীদের মধ্যে রয়েছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এ ছাড়া মূল্যায়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন নির্বাচিত উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

কর্মসূচিটির মূল উদ্দেশ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের স্বাবলম্বী করা এবং জাতীয় অর্থনীতিতে উদ্যোক্তার সংখ্যা বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ করা হয়। এসব জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব জেলায় আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন। এতে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

error: Content is protected !!