বিজ্ঞাপন

নিউ গিনি প্রোপার্টিজ হামলা: আরেকজন গ্রেপ্তার

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১০:০৯
শেয়ার করুন:

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার ( ২৮ সেপ্টেম্বর ) রাতে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মিজানুর রহমানের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে। তিনি মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

এর আগে শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলা, ভাঙচুর ও গোলাগুলির সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।