
কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকে—এমন লক্ষ্য নিয়ে স্বাস্থ্যসেবা শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে স্বাস্থ্যসেবা সীমাবদ্ধ রাখলে চলবে না। বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব সেবা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, অনেক নারী এখনো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যবধান স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এ বৈষম্য দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ক্যানসার প্রতিরোধে সরকারের লক্ষ্য তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, সেগুলো প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত করা এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।
সম্মেলনে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।



