ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১০:১৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে চলা সংকটের স্থায়ী সমাধান না আসায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একই দিন দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলন আরও জোরালো ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে নতুন করে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপরও।

এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে, শাটডাউনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য নিয়োগসংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের ঘোষণা দিলেন তারা।