ছবি ভিডিও ভিডিও
জাতীয়

আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ১১:১৫ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আনতালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। এ সময় তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন। পাশাপাশি কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিস্তারের পাশাপাশি যৌথ বিনিয়োগের বিষয়েও আলোচনা করেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন কামনা

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দিডি/জামান

error: Content is protected !!