ছবি ভিডিও ভিডিও
জাতীয়

প্রতিটি উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগ দেবে সরকার

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:০৫ অপরাহ্ণ

উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসারের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটির জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ হিসাবে মোট ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী তাঁর প্রশ্নে তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও সরকারের উদ্যোগ জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্ত করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

error: Content is protected !!