
জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার ফিরতি যাত্রা বিলম্বিত হয়েছে। ত্রুটি শনাক্ত হওয়ার পর বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বের বিষয়টি জানান এবং এ জন্য দুঃখপ্রকাশ করেন।
আগামীর সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে। তবে ত্রুটির প্রকৃতি এবং কখন ফ্লাইটটি আবার উড্ডয়ন করবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে অংশ নেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ সম্প্রসারণ এবং কৃষি, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।




