
মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতার আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী জানিয়েছেন, এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন। একই সঙ্গে হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের কথা বিবেচনা করে বিমানভাড়া কমানো হয়েছে। মসজিদে দায়িত্ব পালনকারীদের জন্য ভাতা চালুর উদ্যোগও প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ও সদিচ্ছারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আলেম-ওলামার কল্যাণে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, হজযাত্রীদের আর্থিক চাপ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিতদের আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামার প্রতি জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
মাহফিলে সভাপতিত্ব করছেন মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। অনুষ্ঠান পরিচালনা করছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেমরা। স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ এতে অংশ নেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্য জানানো হয়েছে।



