
শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যার দায়ে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের কাছে এই আবেদন জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং আইনের ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই আসামি যে অপরাধ করেছে তা বেসামরিক জনগণের ওপর ব্যাপক এবং পদ্ধতিগত আক্রমণের অংশ; যা আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ। অপরাধী নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন, অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং সুপিরিয়র কমাণ্ড রেসপন্সিবিলিটির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ‘প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে সব কয়টি চার্জে, সব কয়টি কাউন্টে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। মানবতাবিরোধী অপরাধগুলোর প্রয়োজনীয় উপাদানগুলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। পৃথিবীর যেকোনো ফৌজদারি আদালত এই সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে আসামিকে দোষী সাব্যস্ত করবে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই মামলায় যেসব অপরাধের বিবরণ উঠে এসেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন করা, হত্যা করা এবং গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। একের পর এক, টানা দিন একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়ায় অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোনো শাস্তিই সেই জীবন ফিরিয়ে দিতে পারবে না। কোনো আদালতের রায়ই মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘দার্শনিক হেগেল বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। লিগ্যাল ফিলোসফার হারবার্ট মরিস বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। অন্যথায় ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধ-বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম নিষ্ঠুর অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না। অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এই অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। একবার মৃত্যুদণ্ডের সাজা এত মানুষের রক্তপাত, প্রাণহানি এবং পরিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসম; তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। তদুপরি আমাদের মেনে নিতে হবে যে সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে।
রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন ব্যক্তি শত-সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না। তাই সব সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান করেছে কিংবা রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের জন্য এই ট্রাইব্যুনালের প্রতি নিবেদন জানাচ্ছি। যতগুলো অভিযোগে তাকে বিচারের সোপর্দ করা হয়েছে, সবগুলোতে দোষী সাব্যস্ত করার জন্য আবেদন করছি। প্রতিটি চার্জে বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের জনগণের পক্ষে আমি নিষ্ঠুর খুনি, এ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিমদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রার্থনা করছি।’



