
আগামী বছরের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে জমা দিয়ে টিকা নেওয়ার পরই হজযাত্রীরা স্বাস্থ্য সনদ পাবেন।
আজ সোমবার (২৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত (ক) শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করা যাবে।
যাঁদের দুরারোগ্য বা গুরুতর রোগ রয়েছে, তাঁদের প্রয়োজন অনুযায়ী কিছু অতিরিক্ত পরীক্ষাও করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, আর কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা লাগবে। লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে। দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট ও প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করার নির্দেশনা রয়েছে।
হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ কল সেন্টারে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।



