ছবি ভিডিও ভিডিও
জাতীয়

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ১২:১৮ অপরাহ্ণ

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (সাবেক আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বহুল আলোচিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামও। তাঁর মতো অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন। বিতর্কের কারণে এই তিনজনই এত দিন বিভিন্ন রেঞ্জে সংযুক্ত (ক্লোজড) অবস্থায় ছিলেন।

রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তৈমুরসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ওই তিন পরিদর্শকের আগের সংযুক্তির আদেশও বাতিল করা হয়েছে।

এর মধ্যে পরিদর্শক তৈমুর ইসলাম রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন। সাড়ে পাঁচ মাস পর সেই আদেশ বাতিল করে তাঁকে ঢাকা রেঞ্জে আনা হচ্ছে। এ ছাড়া আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু রংপুর রেঞ্জের নীলফামারীতে সংযুক্ত ছিলেন। পরিদর্শক মো. হাসানুজ্জামান ছিলেন সিলেট রেঞ্জে সংযুক্ত।

সাধারণত পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠলে বা তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হলে কর্মস্থল থেকে সরিয়ে অন্য ইউনিটে সংযুক্ত করা হয়। অন্যদিকে পরিদর্শকদের জন্য ঢাকা রেঞ্জে পদায়ন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পরিদর্শকদের মধ্য থেকেই থানার ওসি পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, অনেকটা তড়িঘড়ি করে এই বদলির আদেশ হয়েছে। এই কর্মকর্তাদের কয়েকজনকে গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব দেওয়া হতে পারে। তবে প্রজ্ঞাপনে কারও জন্য নির্দিষ্ট কোনো থানার নাম উল্লেখ করা হয়নি।

ঢাকা রেঞ্জের আওতায় রয়েছে ১৩টি জেলা। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ পুলিশের ঢাকা রেঞ্জের জেলাগুলো। গোপালগঞ্জে দুটি থানা এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িও পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং তিন থানার ওসি বদলি করা হয়।