ছবি ভিডিও ভিডিও
অর্থনীতি

রমজানের বাজার নিয়ন্ত্রণে বড় উদ্যোগ, ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের সুবিধা

প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

রমজান এলেই বাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা। বিশেষ করে চাল, চিনি, সয়াবিন তেল, খেজুর ও মসলার বাজারে তৈরি হয় বাড়তি চাপ। এই পরিস্থিতিতে রোজার বাজার স্থিতিশীল রাখা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ১১ ধরনের পণ্য আমদানির বিপরীতে ব্যবসায়ীরা ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগে আমদানি প্রক্রিয়া সহজ হবে এবং রমজানের আগে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রমজানে বেশি চাহিদা থাকে এমন ১১ ধরনের পণ্য আমদানিতে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

তালিকায় রয়েছে চাল, চিনি, সয়াবিন তেল, খেজুরসহ বিভিন্ন মসলা ও প্রয়োজনীয় খাদ্যপণ্য।

নতুন নিয়মে এসব পণ্য আমদানির পর মূল্য পরিশোধের জন্য সর্বোচ্চ ৯০ দিন সময় পাবেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবছর রমজানকে কেন্দ্র করে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এ সময়ে সরবরাহে ঘাটতি তৈরি হলে বাজারে দামের ওপর চাপ পড়তে পারে। তাই আগেভাগেই আমদানির সুযোগ বাড়ানো এবং ব্যবসায়ীদের আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, রমজানে বেশি ব্যবহৃত পণ্য আমদানি করতে সাধারণত ১৫ থেকে ৬০ দিন সময় লাগে। কোন দেশ থেকে পণ্য আনা হচ্ছে এবং পরিবহনের জন্য কোন রুট ব্যবহার করা হচ্ছে, তার ওপর নির্ভর করে এই সময়সীমা।

তাঁদের মতে, আমদানির পর মূল্য পরিশোধের জন্য ৯০ দিন সময় পাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ব্যবস্থাপনায় কিছুটা বাড়তি সুবিধা পাবেন।

error: Content is protected !!