
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছেন বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে নাগরিক অধিকার শাখার প্রধান এবং ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলার তদন্ত তদারক করা একজন সরকারি আইনজীবীও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশে বৃহস্পতিবার জানিয়েছেন, নাগরিক অধিকারবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিত ধিলোঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের আগে প্রায় ৩০টি অঙ্গরাজ্য থেকে ভোটার নিবন্ধনের তালিকা সংগ্রহের চেষ্টা করেছিলেন ধিলোঁ। তবে তিনি সফল হননি। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, অক্টোবরে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকতে সম্মত হয়েছিলেন।
শুক্রবার ব্ল্যানশে জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনসের পদত্যাগের কথাও জানান।
কুইনোনস এমন কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত তদারক করছিলেন, যাদের বিরুদ্ধে ট্রাম্প তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন।
ট্রাম্পের প্রশাসনে বিচার বিভাগ তার কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা পরিচালনায় অনীহা বা ব্যর্থতার অভিযোগে কয়েকজন সরকারি আইনজীবীকে চাকরি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
বিচার বিভাগের করা একটি মামলায় এপ্রিলে এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, ইনস্টাগ্রামে সমুদ্রসৈকতে শামুক দিয়ে ‘৮৬ ৪৭’ লেখা একটি ছবি পোস্ট করে তিনি ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিলেন।
সূত্র: রয়টার্স



