ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

চাটখিলে জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ২:৫৬ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: চাটখিল প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে জেএসডির রাজনীতি, আদর্শ ও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় নারী জোটের নেত্রী অধ্যাপিকা রেহানা জিলানী।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শত শত আদর্শবান মানুষকে জেএসডির রাজনীতি, আদর্শ ও কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে। শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এ দেশে সর্বপ্রথম জেএসডি মাঠে নেমেছিল। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে দলটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে জেএসডির রাজনৈতিক ইতিহাস ও আদর্শের সঙ্গে পরিচিত করতে হবে। মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাব ভবনের সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাটখিল উপজেলা জেএসডি এ সভার আয়োজন করে।

জেএসডির কেন্দ্রীয় সদস্য ও চাটখিল উপজেলা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও পৌর জেএসডির সাধারণ সম্পাদক ফিরোজ আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেএসডি নেতা কামাল আহমেদ, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, মিজানুর রহমান শেখ, রেজাউল হকসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাসদের নেতাকর্মীদের শ্রম, ঘাম ও রক্তের বিনিময়ে প্রশাসন বিকেন্দ্রীকরণ তথা উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে তৃণমূল পর্যায়ের মানুষ উপজেলা ব্যবস্থার সুফল ভোগ করছেন। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জেএসডির ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা।