ছবি ভিডিও ভিডিও
সর্বশেষ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, শের-ই-বাংলা অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান

প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: চাটখিল প্রতিনিধি:

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শের-ই-বাংলা অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দৈনিক সংবাদের চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি, চাটখিল প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. হাবিবুর রহমান। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর বড় ছেলে সাংবাদিক মো. আরিফুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে শের-ই-বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সাহিত্য সাংস্কৃতিক জোটের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক তথ্যসচিব মাগরুব রশীদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি গুণীজনদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

সাংবাদিক মো. হাবিবুর রহমান ১৯৮০ সাল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। গত পাঁচ বছরে সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৬টি জাতীয় ও পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ২০০৪ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁর বিভিন্ন পুরস্কার অর্জনে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন এ স্বীকৃতিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবার দোয়া কামনা করেছেন সাংবাদিক মো. হাবিবুর রহমান।

error: Content is protected !!