
রায়পুরে মোবাইল ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, একজনের চোখের অবস্থা আশঙ্কাজনক
লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন বিস্ফোরণে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত রুবেল ওই ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং সাকিল আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই যুবক রাস্তার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং সাকিলকে চাঁদপুরে পাঠানো হয়।
তবে কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




