বিজ্ঞাপন

বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বশির

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | দুপুর ০১:২২
শেয়ার করুন:

নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতের দিকে উপজেলার দশঘরিয়া বাজারসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত বশির আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত বশির আহমেদ (৬৫) উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব সোশালিয়া এলাকার নজু মাস্টার বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বশির আহমেদ অটোরিকশা চালাতেন। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথে থাকার সময় রামগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার দশঘরিয়া বাজারসংলগ্ন ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বশির আহমেদকে উদ্ধার করে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

এরপর স্বজনরা তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে রাত আনুমানিক ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে বশির আহমেদ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি সড়কে বালুবাহী যান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

**চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি | গ্রাফিক্স: দেশ এডিশন**