বিজ্ঞাপন

দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:

দীর্ঘদিনের শাসন-শোষণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে পুনর্গঠনে সরকার ‘থ্রি-আর’ কৌশল গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিন ধাপের কৌশলের মাধ্যমে দেশকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের মধ্য দিয়ে ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এসবের অভিশাপ থেকে বেরিয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখন সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। দেশের জনমিতিক সুবিধাকে কাজে লাগিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি উৎপাদনশিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্টার্টআপ উদ্যোগে সহায়তার জন্য চলতি অর্থবছরে সরকার ৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছে।