1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে




দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বিশ্ব অর্থনীতিতে নানা অনিশ্চয়তা থাকলেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতার প্রতিফলন দেখা যাচ্ছে রিজার্ভের বর্তমান অবস্থায়।

রিজার্ভের পাশাপাশি দেশে প্রবাসী আয়ের প্রবাহও ঊর্ধ্বমুখী রয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২ হাজার ৮৯৪ কোটি টাকা।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৮০ লাখ ডলার, যা প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই দেশে এসেছে ১৩ কোটি ডলার রেমিট্যান্স। ১২২ টাকা দরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৮৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৯৩ হাজার ৯৬৬ কোটি টাকা।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার, যা ১২২ টাকা দরে প্রায় ৮২ হাজার ৫৮২ কোটি টাকা।

অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাস ১৯ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার ৩৮৬ কোটি টাকা।

শতাংশের হিসাবে, এক বছরের ব্যবধানে এ সময়ে দেশে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট