1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
\n\n \n\n\n
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :

চাটখিলে ডেঙ্গু-হামের প্রকোপ, বাড়ছে আক্রান্ত রোগী সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে





নোয়াখালীর চাটখিল উপজেলায় ডেঙ্গু ও হামের প্রকোপ বাড়ছে। গত ১ সেপ্টেম্বর থেকে শনিবার সকাল পর্যন্ত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও হাম আক্রান্ত অন্তত ৪৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত ২৩ জন এবং হাম আক্রান্ত ২৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্তদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহরসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত তিনজন এবং হাম আক্রান্ত তিনজনসহ মোট ছয়জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে।

ডেঙ্গু আক্রান্ত আমিরাবাদ এলাকার মো. মুরাদ হোসেন (২৪) বলেন, তিনি চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

ফতেহপুর এলাকার রুনা আক্তার জানান, তার এক বছর বয়সী শিশু হুমায়ারা হামে আক্রান্ত হয়ে পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থাও আগের চেয়ে ভালো।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, “বর্তমানে ডেঙ্গু ও হাম—দুই রোগেরই প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বানও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট