জাতীয় নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে জোটবদ্ধভাবে রাজনীতির মাঠে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে নিজস্ব প্রার্থী নিয়ে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্স শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনকেন্দ্রিকভাবে গড়ে উঠেছিল। নির্বাচন-পরবর্তী সময়ে সেই ঐক্য ধরে রেখে আন্দোলনের কর্মসূচি ১১ দলীয়ভাবে দেওয়া হচ্ছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, শীর্ষ নেতাদের মধ্যে সমঝোতা হয়েছে যে স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ নির্বাচনে জোটগত কোনো প্রার্থী থাকবে না।
জামায়াতের এ সিদ্ধান্তের ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলটির প্রার্থীরা নিজ নিজ প্রতীকে বা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা।