২০২৬ সালের আগস্ট ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন ইউনিট কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, গত মাসে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্শিল্প যুগের তুলনায় সাময়িকভাবে ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এর আগে একমাত্র ২০২৩ সালের জুলাইয়ে মাসিক বৈশ্বিক তাপমাত্রা একই মাত্রায় পৌঁছেছিল।
কোপার্নিকাস জানিয়েছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং শক্তিশালী এল নিনো জলবায়ু পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে আগস্টের এই রেকর্ড তাপমাত্রা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্জেস বলেন, রেকর্ড বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এবং পশ্চিম ইউরোপের ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের সঙ্গে আগস্টের তাপমাত্রার তথ্য মিলিয়ে দেখা হলে বোঝা যায়, জলবায়ু পরিবর্তন বায়ুমণ্ডল ও মহাসাগর—উভয় ক্ষেত্রেই চরম পরিস্থিতি তৈরি করছে। রেকর্ড উষ্ণতার আগস্টের মধ্য দিয়ে ইউরোপে তাপপ্রবাহ, দাবানল ও খরায় ভরা একটি উষ্ণতম গ্রীষ্মের সমাপ্তি হয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও বাড়ছে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, মানুষের কর্মকাণ্ড থেকে গত বছর বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে রেকর্ড ৫৪ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্যে পৌঁছেছে। কমিশনের হিসাবে, এই হারে নিঃসরণ অব্যাহত থাকলে দশকের শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
২০২৫ সালে জলবায়ু দূষণ বৃদ্ধির দিক থেকে যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে। দেশটির নিঃসরণ ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু দূষণকারী দেশ চীনের নিঃসরণ বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। অন্যদিকে ভারতে নিঃসরণ শূন্য দশমিক ২ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।
কোপার্নিকাসের হিসাবের মধ্যে বৈশ্বিক বায়ু ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠীয় বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এটি মাসিক তাপমাত্রার যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড। ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩০ বছরের গড়ের তুলনায় এই তাপমাত্রা শূন্য দশমিক ৮৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। একই সময়ে বিশ্বের গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল ২১ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস, যা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রারও যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড।
ইউরোপে আগস্ট ছিল রেকর্ডের চতুর্থ উষ্ণতম আগস্ট। ওই মাসে মহাদেশটির গড় তাপমাত্রা ৩০ বছরের গড়ের তুলনায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর সামগ্রিকভাবে ২০২৬ সালের গ্রীষ্ম ইউরোপের ইতিহাসের তৃতীয় উষ্ণতম গ্রীষ্ম। পশ্চিম ইউরোপে এটাই ছিল রেকর্ডে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম