পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশকসহ মোট ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সীরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা ও ধর্মীয় সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে। পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থও থাকছে।
দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকেরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন, হাদিস ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের পাশাপাশি ইসলামের শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাসব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিপুলসংখ্যক বইয়ের সমাহার ঘটবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।