যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারসহ মোট ২০টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবেই ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ওই মার্কিন জাহাজ ও ট্যাংকারগুলোতে পাল্টা হামলা চালায় বলে সংস্থাটি জানিয়েছে।
শুধু মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারই নয়, আরও ১০টি জাহাজকে লক্ষ্য করার দাবি করেছে আইআরজিসি।
তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্ররোচনা ও সহযোগিতায় এসব জাহাজ হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায়’ প্রবেশের চেষ্টা করছিল।
বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালি এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার’ আওতায় রয়েছে।