1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নেপালে বন্যার্তদের ১০ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে




নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) সহায়তা দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে বাংলাদেশের এ সহায়তার বার্তা পৌঁছে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতে তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কাছে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।

চিঠিতে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের দেওয়া ১০ লাখ ডলারের এ অর্থ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন হুমায়ুন কবির। সেখানে তিনি ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

এ ছাড়া গত ২৭ আগস্ট নেপালে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!