অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জন্য একজন উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক।
অভিযোগের আওতায় থাকা অন্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মাসুম আহমেদ।
দুদক সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে পছন্দের ব্যক্তিদের পছন্দের স্থানে পদায়ন, বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ রয়েছে।
আকতারুল ইসলাম বলেন, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করে নতুন করে পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতিতে প্রায় দেড় কোটি টাকা এবং পদোন্নতিপ্রাপ্তদের পছন্দের স্থানে পদায়নের ক্ষেত্রে আরও প্রায় দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক।