1. info@www.dailysonalisurjo.com : দৈনিক সোনালী সূর্য :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জের বাংলাবাজারে আইন-শৃঙ্খলা সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর কৃতি সন্তানের নতুন অর্জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন নোয়াখালীর কামরুজ্জামান চৌধুরী আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক সারাদেশে বিশেষ অভিযানে নামছে র‌্যাব নোয়াখালীর রেল যোগাযোগ উন্নয়নে ১১ দফা দাবি চাটখিলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মধ্যপ্রাচ্য থেকে থাইল্যান্ডে পৌঁছাল বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ ছয় বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার মান্দানা

সারাদেশে বিশেষ অভিযানে নামছে র‌্যাব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে




জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশসহ বিভিন্ন সরকারি বাহিনীর লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার ঘোষণা করেছেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। এ লক্ষ্যে র‌্যাবের নেতৃত্বে সারাদেশে একটি বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনায় র‌্যাব-৬-এর সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, অভিযানের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। অভিযানে তথ্য দিয়ে সহযোগিতার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত সোমবার সুন্দরবনের পাঁচটি জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। রাতে আরও সাতজন আত্মসমর্পণ করায় মোট আত্মসমর্পণকারীর সংখ্যা দাঁড়ায় ৫৯ জনে। এদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর ৮ জন ও মিজান বাহিনীর ৭ জন রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, সাতটি ওয়াকিটকি, ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজ জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রায় ২৫ লাখ মানুষের জীবিকার প্রধান অবলম্বন সুন্দরবন। কিন্তু আশির দশক থেকে এই বনাঞ্চল ও সংলগ্ন উপকূলীয় এলাকায় জলদস্যুতা-বনদস্যুতার কলঙ্কিত অধ্যায় শুরু হয়, যার শিকার হয়ে আসছেন জেলে ও বনজীবীরা।

একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে শ্রমজীবী মানুষের ওপর এ ধরনের নিপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত সুন্দরবনে মোট ৩১৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে প্রায় ৩০ জন পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এর কারণ হিসেবে সামাজিক চাপ, রাজনৈতিক প্রভাব, সচেতনতার অভাব, স্বাভাবিক জীবনে ফিরতে অনীহা ও হয়রানির আশঙ্কার কথা উল্লেখ করলেও এই সংখ্যাকে তিনি বড় সমস্যা হিসেবে দেখছেন না।

র‌্যাব মহাপরিচালক জানান, সুন্দরবনে এখনও চার-পাঁচটি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে, যাদের আত্মসমর্পণে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত আছে।

আত্মসমর্পণকারীদের জন্য উন্নত পুনর্বাসন প্যাকেজ প্রণয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

পাশাপাশি আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে অহেতুক মামলা ও হয়রানি রোধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আটক বা মামলা না করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সেখানে একটি র‌্যাব ব্যাটালিয়ন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বর্তমানে এলাকাটিতে কোস্টগার্ডের একটি ক্যাম্প থাকলেও স্থানীয়রা চাইলে র‌্যাব ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন বলে জানান তিনি। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক সোনালী সূর্য-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট