বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা ছাড়েন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দোয়া ও মোনাজাতেও অংশ নেন তিনি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পরই মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।