ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

মহানবমীতে নোয়াখালীর পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | ৯:১৭ অপরাহ্ণ




 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহানবমীতে নোয়াখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পরিদর্শনকালে সফিজুল ইসলাম পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিরসন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশনা দেন।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন অতিরিক্ত ডিআইজি।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।