সেন্টমার্টিন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান


সেন্টমার্টিন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই আহ্বান জানিয়েছে। এ সময় সেন্টমার্টিনের নিকট সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজের টহলের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সংঘর্ষের বিষয়ে অবগত নৌ সদর দপ্তর। সেখানে সংঘর্ষের জেরেই নাফ নদীর মোহনায় বাংলাদেশি নৌযানের ওপর অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনা ঘটে।
সেন্টমার্টিনের নিকট সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজের টহল
সেন্টমার্টিনের নিকট সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজের টহল। ছবি: আইএসপিআর
আইএসপিআর জানিয়েছে, গত ১২ জুন এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের সংঘর্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে আইএসপিআর।
এদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্টমার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবি মহাপরিচালকের এই সফরের তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, রোববার সকালে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের তৎপর থাকার নির্দেশ দেন বলেও জানান শরীফুল ইসলাম।














