
ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি প্রত্যাশা জানিয়েছে ঢাকা।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরপর কারাগারে পাঠানো হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, ‘আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাঁকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তাঁর কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।’
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে তারা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। একই সঙ্গে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ঢাকা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।’
সূত্র: রয়টার্স



