ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

হিন্দু বাড়িঘরে হা ম লা র খবর ‘মিথ্যা ও বানোয়াট’: পুলিশ সদর দপ্তর

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৪:০৯ অপরাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে প্রচার করা হচ্ছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

পুলিশের দাবি, পূর্বে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে ঘটনার সূত্রপাত তুলে ধরে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।