
আগামী ১ ডিসেম্বর সকাল থেকে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেই যানবাহন থেকে এসব সরঞ্জাম খুলে ফেলতে মালিক ও চালকদের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানায়, নির্ধারিত সময়ের পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, সড়ক পরিবহণ বিধি অনুযায়ী শুধু চার ধরনের যানে বিশেষ হর্ন বা হুটারের অনুমতি আছে: অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ অন্য সব যানে এসব নিষিদ্ধ।
তিনি আরও জানান, বাস-ট্রাক ছাড়াও কিছু জিপে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট দেখা যাচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইলেন্সারও আছে। অটোরিকশার উচ্চ শব্দের ক্ষেত্রে সিটি করপোরেশনের নিবন্ধন শেষ হলে একই ধরনের অভিযান চলবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, অতিরিক্ত শব্দে শ্রবণশক্তির ক্ষতি, মানসিক চাপ, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক, হৃদ্রোগী ও অসুস্থদের জন্য ঝুঁকি বেশি।
অনুমোদিত মাত্রার বেশি শব্দ করলে মোটরযানের ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড।
হাইড্রোলিক বা মাল্টি-টোন হর্ন আমদানি, মজুত, বিক্রি বা প্রদর্শনে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড।
শব্দদূষণ বিধিমালায় এলাকাভেদে শব্দের মাত্রাও বেঁধে দেওয়া আছে। যেমন নীরব এলাকায় দিনে (সকাল ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেল।



