
পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া দীর্ঘ বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পলাতক ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও তৎপর হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।



